খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা (যুব উন্নয়ন কর্মকর্তা) নিহত হয়েছেন। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিরুপন চাকমা মোটরসাইকেলে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় মোটরসাইকেলচালকেরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
নিরুপন চাকমার আত্মীয় অর্থি চাকমা জানান, তার কাকা শ্বশুর নিরুপন চাকমা বয়স্ক মানুষ ছিলেন। তিনি ধীরগতিতে মোটরসাইকেল চালাতেন। দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরে আসার পথে কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় একটি বেপরোয়া পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় যুবকেরা ধাওয়া দিয়ে পিকআপসহ চালককে আটক করেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, ‘নিরুপন চাকমা মোটরসাইকেলে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পিকআপ ও চালক বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন।’