প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাত, ১৬ শিক্ষক-শিক্ষার্থী আহত 

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে ১৬ শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হয়েছে। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কক্ষের বাইরে পার্শ্ববর্তী একটি গাছে বজ্রপাত হলে তারা আহত হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতে পুরো বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ৪র্থ শ্রেণিকক্ষের পাশে বজ্রপাত হওয়ায় শ্রেণিকক্ষে থাকা শিক্ষক শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থীর হাত-পা ও শরীরে বজ্রপাতের ঝলকানি লাগে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতার তাদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া বলেন, ‘বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়েছেন। কারও কারও শরীরের বিভিন্ন অংশে তাৎক্ষণিক অবশ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  শিক্ষক ও শিক্ষার্থী সবাই শঙ্কামুক্ত হওয়ায় চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছে।’