কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত শরিফ মিয়া (৩৫) তার প্রাক্তন স্বামী। তিনি একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা তদন্ত করছি এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ বছর আগে তাঁরা আলাদা হয়ে যান।
তাদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম। বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিজের কাছে নিতে চেয়েছিলেন শরিফ মিয়া। নিহতের পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।