চাঁদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

শনিবার সকালে উপজেলার উয়ারুক রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়।

পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগোড়া গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। তিনি ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে সাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাঢ়া কাজী বাড়ির সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ফয়সালের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’