রাজধানীর কলাবাগানে শিশু গৃহকর্মীকে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গৃহকর্ত্রী সাথী পারভীন ডলি। এর আগে গতকাল শনিবার যশোর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন আসামিকে আদালতে হাজির করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।
কলাবাগান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই সাফায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কলাবাগানের ভূতের গলি এলাকায় ভাড়া বাসায় থাকেন সাথী। গত ২৬ আগস্ট দুপুরে ওই বাসা থেকে আট বছর বয়সী এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি গ্রামে। তার বাবার নাম হক মিয়া ও মা হাসিনা বেগম। দুজনই মারা গেছেন।
মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় সাথীর বিরুদ্ধে হত্যা মামলা করে।
এদিকে সুরতহাল প্রতিবেদনের তথ্য বলছে, শিশুটির সারা শরীরে জখমের চিহ্ন ছিল। এ ছাড়া তার দুই চোখেও ছিল আঘাতের চিহ্ন। হাত ও পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।