রাজধানীর মতিঝিল কমলাপুর ও নটরডেম কলেজের সামনে থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৭০ ও ৪০ বছর।
বুধবার (৬ সেপ্টেম্বর) পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে তিনটা ও পৌনে চারটার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় জানান, সংবাদ পেয়ে কমলাপুর স্টেশনের ৬ নম্বর গেটের পাশ থেকে অজ্ঞাত ওই পুরুষের মরদেহটি উদ্ধার করি। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি ওই বৃদ্ধ ভবঘুরে ছিলেন। রেলস্টেশন এলাকায়ই থাকতেন। তিন-চার দিন ধরে তাকে ফুটপাতে দেখা যায়। পথচারীদের অনেকে খাবার কিনে দিতেন তাকে।
তিনি আরও জানান, দুপুরে তাকে ফুটপাতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদেরকে সংবাদ দেয়।পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানতে না পারায় সিআইডির ক্রাইম সিনের সহায়তায় তার ফিগার প্রিন্টের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা চলছে। এরপরও যদি পরিচয় শনাক্ত না হয়, তাহলে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে মরদেহ দাফন করা হবে।
অপরদিকে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) অনিল চন্দ্র রায় জানান, আমরা খবর পেয়ে মতিঝিলের নটরডেম কলেজের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত (৪০)বছর বয়সী পুরুষের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে।