তেজগাঁওয়ে গুলিতে ভুবনের মৃত্যু: একজন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ভুবন চন্দ্র শীলের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মারুফ বিল্লাহ হিমেল। 

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় পুরান ঢাকা থেকে মারুফ বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে এর আগে কোনো পুলিশ রেকর্ড নেই। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, মারুফ বিল্লাহকে জিজ্ঞাসাবাদ করতে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে। 

গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। 

সেদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজাহারুল সে সময় জানিয়েছিলেন, শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে আহত হন ভুবন। 

এরপর তাঁকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান ভুবন।