তেজগাঁওয়ে ভুবনের মৃত্যু: গ্রেপ্তার মারুফ ২ দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ভুবন চন্দ্র শীলের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মারুফ বিল্লাহ হিমেলকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ আদেশ দেন।

এর আগে সকালে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) বি এম রানা মারুফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে আইনজীবী এ.বি.এম রুহুল আমিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তিনি। দু’পক্ষের শুনানি শেষে আদালত মারুফের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজাহারুল সে সময় জানিয়েছিলেন, শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত হন ভুবন। এরপর তাঁকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান ভুবন। তাঁর মৃত্যুর পর ওইদিন সন্ধ্যায় পুরান ঢাকা থেকে মারুফকে গ্রেপ্তার করে পুলিশ।