হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচককে এ নোটিশ পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল মামুনের পক্ষে তাঁর আইনজীবী আল মামুন রাসেল লিগ্যাল নোটিশে উল্লেখ করেন, তাঁর মক্কেল মনে করেন, চন্ডিকা হাথুরুসিংহে কোচ হিসেবে অযোগ্য। বাংলাদেশের কোচ হওয়ার আগে তিনি কোনো দেশের পূর্ণাঙ্গ কোচও ছিলেন না। হয়ত, কোনো মহলের কমিশনের স্বার্থ উদ্ধারের জন্য এবং দেশের ক্রিকেটকে শেষ করার জন্য তাঁকে কোচ বানানো হয়েছে।

কারণ হিসেবে এতে উল্লেখ করা হয়, হাথুরুসিংহে কোচ হওয়ার পর থেকে সিনিয়র প্লেয়ারদের ছুঁড়ে ফেলে দিয়েছেন। যে পঞ্চপাণ্ডবের হাত ধরে এই দেশের ওডিআই র‍্যাংকিং ৫ নম্বরে ছিল, সে পঞ্চপাণ্ডবকে দল থেকে বাদ দেওয়ার জন্য উদ্যোগ নেন।

নোটিশে আরও বলা হয়, তাঁর মক্কেল মনে করেন যে, ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক ও ম্যাচসংখ্যায় দ্বিতীয় সেরা অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবাল। বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিমের না থাকা একটি ষড়যন্ত্র। এ ছাড়া আনফিটের অজুহাতে অভিজ্ঞ তামিমকে দলে না রাখা কোচ ও অধিনায়কের ব্যক্তিগত আক্রোশকেই দায়ী বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ অবস্থায় চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তামিম ইকবালকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপে পাঠাতে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় লিগ্যাল নোটিশে। নোটিশে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।