মানিকগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে বিলকিস আক্তার (২৩) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিলকিস মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বুধবার সকালে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।  বিলকিস মানিকগঞ্জের ঘিওর উপজেলা সিংজুরী ইউনিয়নের হাটকুড়িয়া গ্রামের মো. বাবু মিয়ার মেয়ে। জন্মের পর বাবা–মায়ের বিচ্ছেদ হওয়ায় মায়ের সাথে তিনি  বৈতরা গ্রামে ভাড়া বাসায় থাকতেন। গত দশ বছর আগে একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে বিলকিসের মা প্রবাসে চলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ বছর আগে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের সোহেল মিয়ার সঙ্গে বিলকিসের বিয়ে হয়। দেড় মাস আগে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে ভাড়া বাসায় আসেন বিলকিস। গত রাতের কোনো এক সময় বিলকিস ঘরের ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। 

বাড়ির মালিক মো. সুমন হোসেন জানান,  বিলকিসের মা বিদেশ থাকলেও ঘর ছাড়েননি। তিনি প্রতি মাসেই ভাড়া পরিশোধ করতেন। দেড় মাস আগে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ভাড়া বাড়িতে আসেন বিলকিস। এখান থেকেই পরীক্ষা দিচ্ছিলেন। গত ১০ থেকে ১৫ দিন আগে তার শ্বশুর বাড়ির লোকজন তাঁকে নিতে আসলে তাঁর সঙ্গে অন্য একজনের সম্পর্ক আছে জানিয়ে বিলকিস আর স্বামীর বাড়িতে যাবেন না বলে জানিয়ে দেন। আজ সকালে যখন তাঁর লাশ উদ্ধার করা হয় তখন তার মোবাইল ফোনে ভিডিও কল চলছিল। 

স্থানীয়দের ধারণা, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে তাঁকে ভিডিও কলে রেখে বিলকিস আত্মহত্যা করেছে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

বিলকিসের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।