লালবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর লালবাগ ঢাকেশ্বরী মন্দিরের পাশে নির্মাণাধীন একটি একতলা ভবনের লিফটের ফাঁকা দিয়ে পড়ে গিয়ে আলী মিয়া (৭০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আলী মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মুশরিয়া গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে। পেশায় সে একজন দিনমজুর।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে মারা যান তিনি।

নিহত দিনমজুরের ছেলে সৌরভ জানান, তার বাবা দিনমজুর হিসেবে ওই ভবনে কাজ করতো। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে(ওসেক) চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।'