গাজীপুরে চুরির দুদিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক বছর বয়সী শিশুকে চুরির দুদিন পর উদ্ধার করেছে পুলিশ। এছাড়া শিশু চুরির অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার শিশুর নাম লাবিব। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন মাঝিরখোলা এলাকার সুজন মিয়ার ছেলে।

গ্রেপ্তার চোর নেত্রকোণা জেলার বারহাট্টা থানার বাউশী দশাদার গ্রামের সুলতান মিয়ার স্ত্রী মোসা. সুলতানা খাতুন (২৬)। তিনি গাজীপুর  সদর থানার ভোড়া গ্রামের চৌকিদার বাড়ীর সিদ্দিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। অপরজন ভোলা জেলার মনপুরা থানাধীন হাজীরহাট গ্রামের আনসার মীরের মেয়ে মোসা. ফারজানা আক্তার (১৯)। 

শুক্রবার এসব তথ্য জানান জিএমপির গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে সদর থানায় সুজন মিয়ার স্ত্রী হামিদা আক্তার অভিযোগ করে করেন, তিনি তাঁর স্বামী ও দুই ছেলে হাবিব (৭) ও লাবিবকে (১) নিয়ে মহানগরীর সদর থানার মাঝিরখোলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। দেড় মাস আগে তার বড় ছেল হাবিব হাঁটুতে ব্যাথা পাওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক হাবিবের ডান পায়ে প্লাস্টার করে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। তাঁর স্বামী ও আত্মীয়স্বজন মিলে হাবিবকে দেখাশুনা করে আসছিলেন। হাসপাতালে থাকার সময় গত ১ নভেম্বর বেলা আড়াইটার দিকে বড় ছেলেকে দেখাশুনা করাকালে বোরকা পরিহিত অজ্ঞাতানামা এক নারী কৌশলে তাঁর সঙ্গে মিশে কথা বলেন। এরই ফাঁকে ওই নারী তাঁর ছোট ছেলে লাবিবকে হাসপাতালের সার্জারি ওয়ার্ড থেকে চুরি করে পালিয়ে যায়।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর রাতেই সদর থানায় মামলা দায়ের হয়। পরে পুলিশের কয়েকটি টিম বিভিন্নভাবে ভিকটিমকে উদ্ধারে কার্যক্রম শুরু করে। পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তি ও সোর্সের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে অপহৃত ভিকটিম শিশু লাবিবকে উদ্ধারে পুবাইল থানা এলাকায় এবং ভোড়া এলাকার চৌকিদার বাড়ী অভিযান পরিচালনা করে। শিশু লাবিবকে ভোরা এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সেইসঙ্গে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া নারীকে গ্রেপ্তার করা হয়। ’