‘আমরা কী চোর-ডাকাত? আমরা কী অন্যায় করেছি? পুলিশ আমাদের ধরে দুই হাত পেছনে দিয়ে হ্যান্ডক্যাপ (হাতকড়া) লাগিয়ে আটক করে নিয়ে যায়। পুলিশ যে আচরণ করে আমাদের সাথে! আমরা দেশের মানুষের মানবাধিকার, ভোটাধিকারের জন্য আন্দোলন করছি। সেই জন্য কী আমাদের অপরাধ হয়েছে? আপনারা জেলে গিয়ে দেখেন, জেলে কতো কষ্ট! খাওয়া-ধাওয়া, শোয়া (ঘুম) কতো যে কষ্টের!’
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচিতে কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভের সঙ্গে মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ এসব কথা বলেন।
রোববার মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করে মানিকগঞ্জ জেলা বিএনপি। মানববন্ধন কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
নির্বাচন কমিশনের উদ্দেশে এসময় বিএনপির এই নেতা বলেন, ‘মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় নির্বাচনের তফসিল বাতিল করে তত্ত্বাধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিন।’
মানববন্ধনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, ‘শত বাধা ও গ্রেপ্তার আতঙ্ক নিয়েও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। বিগত ১৫ বছর এই আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনের সর্বনিম্ন স্থানে নিয়ে গেছে। আগামীতে মানবাধিকার সুরক্ষায় এবং দেশের নাগরিকদের ভোটাধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করে যাবেন বিএনপির নেতা-কর্মীরা।’
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাকসুদুর রহমান মুকুল, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাদল,এস এম এম ইকবাল হোসেন খান,ডাক্তার জিয়াউর রহমান ও আব্দুল কুদ্দুস খান মজলিস প্রমুখ।