ঢাকা মেডিকেলের স্টাফ কোয়াটার থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে মোসাম্মৎ তানিয়া আক্তার তানহা (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত সোয়া এগারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, ‘সংবাদ পেয়ে রাত দশটার দিকে স্টাফ কোয়ার্টারে যায় পুলিশ। সেখানে চতুর্থ তলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাচানো অবস্থায় ওই কিশোরীর ঝুলন্ত অচেতন দেহটি উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।’

মিলন মল্লিক বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি চাকরির উদ্দেশ্যে ওই কিশোরী কিছুদিন আগে গ্রাম থেকে তার খালার সাথে এসেছে। কিন্তু হঠাৎ কেন সে আত্মহত্যা করল সেটি খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা তার পরিবারের সদস্যদের সংবাদ দিয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’