দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা–৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার তাঁকে এই শোকজ করা হয়। নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা মো. তসরুজ্জামান এ সংক্রান্ত নোটিশ দেন।
নোটিশে বলা হয়, গত ৭, ১২ ও ১৪ ডিসেম্বর ঢাকা–৯ আসনের নির্বাচনী এলাকা পরিদর্শনকালে খিলগাঁও, মুগদা, সবুজবাগসহ কয়েকটি স্থানে নির্বাচনী প্রতীকসহ সাবের হোসেন চৌধুরীর ছবি, সমর্থকদের আগাম প্রচারমূলক পোস্টার পাওয়া গেছে। এটি নির্বাচনপূর্ব অনিয়ম। এ কারণে আগামী ১৯ ডিসেম্বর বিকেল ৩টার মধ্যে যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-২ এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হচ্ছে।
এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর–২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এ কে এম এনামুল হক শামীমকেও লিখিত ব্যাখ্যা দিতে বলেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান এ নোটিশ পাঠান।