'পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি মানুষকে ঘুম থেকে ওঠানোর জন্য' 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান বিএনপিকে ইঙ্গিত করে বলেন, আমি পাগলের মত ঘুরে বেড়াচ্ছি মানুষকে ঘুম থেকে ওঠানোর জন্য। চট্টগ্রাম থেকে গত বুধবারও বিজিবি ৫৯ কাটুন অস্ত্র উদ্ধার করেছে? তারা কিন্তু ওরাই যারা জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে এসছিল। আপনি আমাকে সাপোর্ট করেন বা না করেন নো প্রবলেম। এই দেশ আপনার আমার সবার মা। আমাদের সবার দায়িত্ব হচ্ছে মাকে রক্ষা করা।

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডের বিদ্যুৎকেন্দ্র এলাকায় নির্বাচনি উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ৭০-এর ভোটটা যেমন গুরুত্বপূর্ণ ছিল, এবারের ভোটটাও তেমন দেশের জন্য গুরুত্বপূর্ণ। কাকে ভোট দেবেন আপনি তো আর বলবেন না, শুধু ভোটটা দিতে আসবেন। আমাদের সকলের দায়িত্ব আমাদের দেশ তথা আমাদের মাকে রক্ষা করা।

তিনি বলেন, এই দেশে এখন যা ঘটছে আপনি যেটা ঘুমের মধ্যেও চিন্তা করবেন না বাঁ চিন্তা করছেন না, এই কারণেই করছেন না কারণ বিষয়টা আপনার জানা নেই। আমি বিষয়টা আপনাকে জানাতে এসেছি। আমি পুরোপুরি খোলাভাবে আপনাদের কথাটা বলতে পারব না। যারা বোঝার তাঁরা বুঝে নেবেন। আর যারা বোঝেন নাই তাঁদেরকে দয়া করে বুঝিয়ে দেবেন। আমি পাগলের মত ঘুরে বেড়াচ্ছি মানুষকে ঘুম থেকে ওঠানোর জন্য।

শামীম ওসমান বলেন, মানসিকভাবে অনেক চাপে আছি। কারণ দেশটা সবার মাটি আমাদের মা। একটা দেশের স্বাধীনতা যত কঠিন তার চেয়ে কঠোন দেশের স্বাধীনতা রক্ষা করা। আজ আমার মনে হয় স্বাধীনতা রক্ষার সময় চলে এসেছে।