রাজধানীতে কামরাঙ্গীরচর থানার পুরান ফাড়ির গলি এলাকায় বাড়ির ছাদে খেলতে গিয়ে ৬ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার শিকার কন্যাশিশু ও অভিযুক্ত দুই কিশোর একই বাড়ির পৃথক ভাড়াটিয়া পরিবারের সদস্য। আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসেক) ভর্তি করেছেন।
ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা বলেন, ‘আমি ও আমার স্ত্রী কাজের জন্য বাইরে থাকি। খবর পেয়ে বাসায় এসে দেখি মেয়ের যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। মেয়ে আমাদের জানায়, ছাদে খেলতে গেলে ওই দুজন ওর মুখ চেপে ধরে সিঁড়িতে নিয়ে ধর্ষণ করেছে।’
ভুক্তভোগী শিশুটির বাবা একটি স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানিয়েছেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কামরাঙ্গীরচর থেকে ৬ বছরের এই শিশুকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা ওই শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তির ব্যবস্থা করে দিয়েছি এবং বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।’