রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা ও যাত্রী হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উক্ত ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম।
শনিবার এস এম নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দন্ডবিধির ৩০২ ধারায় এ মামলা করেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।
এর আগে রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্যে তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় বেনাপোল এক্সপ্রেসের চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৩ দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। কয়েকজন দগ্ধসহ এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। তাদের বেশিরভাগ ভারতফেরত।
দগ্ধদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এছাড়া অন্যান্য হাসপাতালেও ভর্তি করা হয়েছে অনেককে। এসব বিষয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ।
যশোরের বেনাপোল থেকে শুক্রবার দুপুর ১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বেনাপোল এক্সপ্রেস। কমলাপুরে ঢাকা রেলস্টেশনে পৌঁছানোর ঠিক আগে, গোপীবাগে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় র্যাব-পুলিশ-আনসার ও বিজিবি।