সেই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদনই নেই: স্বাস্থ্য অধিদপ্তর

সুন্নতে খতনায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে আলোচনায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। এবার এই মেডিকেল কলেজ নিয়ে মুখ খুলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মঈনুল আহসান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ইউনাইটেড মেডিকেল কলেজের হাসপাতাল পরিচালনার অনুমোদনই নেই।

গত ৩১ ডিসেম্বর খতনার জন্য শিশু আয়ানকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার অভিভাবকেরা। সকাল ৯টার দিকে শিশুটিকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। তবে অনুমতি ছাড়াই 'ফুল অ্যানেস্থেসিয়া' (জেনারেল) দিয়ে চিকিৎসক আয়ানের খতনা করান বলে অভিযোগ করা হয়।

পরে জ্ঞান না ফেরায় তাকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানকার পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্র) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ৭ জানুয়ারি নির্বাচনের দিন মধ্যরাতে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল, সংশ্লিষ্ট চিকিৎসকের সনদ বাতিল এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিটও দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।

এঘটনায় দুই চিকিৎসক- অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সাঈদ সাব্বির আহমেদ ও ডা. তাসনুভা মাহজাবিনসহ প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা শামীম আহমেদ।

পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলায় মৃত্যু হয়েছে শিশু আয়ানের। অনুমতি ছাড়া অতিরিক্ত অ্যানেস্থেসিয়া দেওয়ার পাশাপাশি সময় নষ্ট করে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

নিহত আয়ানের চাচা মো. মানিক বলেন, 'তাঁরা ঘোষণা দিলো যে আয়ান মৃত। তখন তাঁরা তড়িঘড়ি করে ৫ লাখ ৭৭ হাজার টাকার একটি বিল ধরিয়ে দিলো যে আপনারা তাড়াতাড়ি যান, যখন পারবেন তখন দেবেন। শিশু আয়ানের মৃত্যুর বিচার চাই। দুই চিকিৎসকের মৃত্যুদণ্ড চাই।'