রানা প্লাজা ধসে সহস্রাধিক মৃত্যু

৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ, স্থগিত রানার জামিন

রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষ মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত ভবনটির মালিক সোহেল রানাকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত থাকবে বলে আদেশ দেয় আদালত।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। 

এর আগে এ ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে গেল বছরের ৮ মে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এবং তাঁকে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট মুনমুন নাহার। 

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন ১ হাজার ১৬৯ জন।‌ ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এর পর থেকে তিনি কারাগারে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের হলেও দীর্ঘদিনেও তার নিষ্পত্তি হয়নি।