রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে মো. আব্বাস উদ্দিন (৫০) নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্টন এলাকার ক্যাপিটাল আবাসিক হোটেল থেকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হোটেলের রেজিস্ট্রি খাতার বরাতে পুলিশ জানায়, আব্বাস গত শনিবার অফিসিয়াল কাজে ক্যাপিটাল আবাসিক হোটেলের ৩০৪ রুমে বোর্ডার হিসেবে উঠেছিলেন। গতকাল তাঁর হোটেলটি ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও তাঁর কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে পুলিশ ক্যাপিটাল আবাসিক হোটেলে যায়। হোটেলের তৃতীয় তলার ৩০৪ নম্বর রুমের দরজা ভেঙে বাথরুমে অচেতন অবস্থায় পড়ে থাকা আব্বাসের দেহ উদ্ধার করে তারা ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। আব্বাস বিআইডব্লিউটিসি সদরঘাট চট্টগ্রাম শাখায় নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি তাঁর পরিবারের স্বজনদের জানিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’