বেইলি রোডে আগুন: হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন ১১ জন 

বেইলি রোডে আগুনে দগ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে ১১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন হাসপাতালে ভর্তি আছেন ৩ জন। 

তবে, তাঁদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম। তিনি জানান, তাদের সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তরিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে এই মুহুর্তে ভর্তি আছেন ৩ জন। এই তিনজনও উন্নতির দিকে আছেন। তাঁদের শ্বাসকষ্ট ও কাশি আগের চেয়ে অপেক্ষাকৃত কম। তবে তাঁরা এখনও সম্পুর্ণ সুস্থ্য নন। এদের মধ্যে দুজনের আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। আরেকজনের শরীরে কিছু ব্যাথা আছে। সব মিলিয়ে এখনও পুরো সুস্থ্য নন দেখেই এই তিনজনকে ভর্তি রাখা হয়েছে।’ 

আহতদের চিকিৎসায় গঠিত ১৭ সদস্যের মেডিকেল বোর্ড পরবর্তীতে ভর্তি থাকাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। 

এদিকে, দুর্ঘটনায় নিহত ৪৬ জনের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ২ জনের মরদেহ হস্তান্তরের অপেক্ষায়। তাঁদের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল মর্গে রয়েছে। 

তবে, নিহত একজনের কোনো দাবিদার এখনো পাওয়া যায়নি।