রাজবাড়ীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

রাজবাড়ীর পাংশায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী সৌরভের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। দুই ঘণ্টার উদ্ধার তৎপরতার পর বিকাল ৩টার দিকে জাল টেনে পুকুর থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় পাংশা ফায়ার স্টেশন লিডার মো. মহিদুল ইসলাম।

নিহত ওই কিশোরের নাম সৌরভ (১৭)। সে পৌরশহরের সত‍্যজিৎপুর এলাকার আফজালের ছেলে। পাংশা সরকারি জজ পাইলট উচ্চ বিদ‍্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে পাংশা ফায়ার স্টেশন লিডার মো. মহিদুল ইসলাম বলেন, ‘সৌরভসহ কয়েকজন দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসলে নামে। এক পাড় থেকে অন‍্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যায় সৌরভ। এ সময় স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।’ 

মো. মহিদুল ইসলাম আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি দল আসলেও ফরিদপুর থেকে ডুবরি দল না পৌঁছানোয় উদ্ধার চালাতে পারেনি। তবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম অব‍্যহত রেখেছিল। বিকাল ৩টার দিকে পুকুর থেকে মরদটি উদ্ধার করা হয়।’