রাজধানীর গাবতলীতে পিকআপের ধাক্কায় আমেনা বেগম (৪৫) নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটে গাবতলী বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলী-দ্বীপনগর সড়কে এই ঘটনা ঘটে।
আমেনা বেগম মো. আবদুল করিমের স্ত্রী। তিনি উত্তর সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাবতলী-দ্বীপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে সড়কের ওপরে উঠছিলেন। এ সময় বেপরোয়া গতির মাটিভর্তি একটি পিকআপ ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিল।
খানাখন্দে ভরা নির্মাণাধীন কাটা সড়কে বেপরোয়া গতিতে চলতে থাকা পিকআপটি কিছুটা সামনেই গভীর কাটা গর্ত দেখে ডানদিকের ফুটপাতের দিকে গাড়ি চালিয়ে দিলে তা রাস্তায় উঠতে থাকা আমেনা বেগমকে সজোরে ধাক্কা দিলে আমেনা বেগম প্রায় ১০০ ফুট দূরে গিয়ে আছড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ করে। এতে সকাল থেকে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়।
এ সময় আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা তাদের ঝুঁকিভাতাসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার দাবি জানান।