মাদারীপুরে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শহিদুল মাতুব্বর (৪৪) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল একই গ্রামের মোসলেম মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করছিলেন শহিদুল। এ সময় গ্রান্ডিং মেশিনের একটি তার থেকে বিদ্যুতায়িত হয়ে পড়েন শহিদুল। এ সময় প্রতিবেশী আইয়ুব আলী খান দেখতে পেয়ে তার চিৎকারে চেচামেচি শুরু করেন। পরে শহীদুলের পরিবারের লোকজন ঘরের মেইন সুইচ বন্ধ করে।
গুরুতর অবস্থায় শহিদুলকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, ‘নিজবাড়ির একটি ট্রলার মেরামত কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক শহিদুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’