পদ্মায় গোসলে নেমে বাবা–ছেলেসহ নিখোঁজ ৩, দুজনকে উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ ৩ জন নিখোঁজের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলের অদূরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। পরে তাঁরা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামে।

নিহতেরা হলেন– ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার হারুনুর রশিদ মোল্লার ছেলে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও একই এলাকার বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জুয়েল (৪০)। এখানো নিখোঁজ রয়েছেন নিহত রিয়াদ আহমেদ রাজুর ছেলে রামিন আরিদ (১৬)। তাঁদের বাড়ি ঢাকার মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তাঁরা ওই উপজেলার বেসনাল এলাকার তাঁদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসে। পরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। পরে তাঁরা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামলে রামিন নদীর স্রোতের তোড়ে ভেসে যেতে থাকে। তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তাঁরাও স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ–পুলিশ।

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঢাকা থেকে প্রশিক্ষিত ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।’ 

মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌ–ফাড়ির ইনচার্জ আবুল হাসনাত বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ–পুলিশের টিম রয়েছে। উদ্ধারকাজের চলছে।’