আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়ামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা গতকাল রোববার (৫ মে) এই নোটিশ দেন। আগামীকালের (৭ মে) মধ্যে এর সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নানের স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর ২২ (১) অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারে বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আশ্রাফুল হক সিয়াম সরকারি কর্মকর্তা তবুও এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষ হয়ে নির্বাচনী প্রচার করেছেন। যা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে আরও বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ অনুযায়ী আপনার (আশ্রাফুল হক সিয়াম) বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ অথবা বিভাগীয় শাস্তির জন্য সুপারিশ করা হবে না। এ ব্যাপারে সন্তোষজনক ব্যাখ্যা আগামীকালের মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর দাখিল করতে বলা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওয়াছেল কবির গুলফাম (আনারস প্রতীক) বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ূন কবির মোল্লা (মোটরসাইকেল প্রতীক), তাঁর পক্ষে সশরীরে উপজেলার আরশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে লোকজনসহ নির্বাচনী প্রচার করেছেন সরকারি কর্মকর্তা আশ্রাফুল হক সিয়াম । এ ছাড়া মোটরসাইকেল প্রতীকে ভোটারদের ভোট দেওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাই আমি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ প্রসঙ্গে ভেদরগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি অভিযোগ করেছি।’
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, ‘আশ্রাফুল হক সিয়াম একজন সরকারি কর্মকর্তা। তিনি এক প্রার্থীর পক্ষে প্রচার করছেন। এই কারণে ওনার কাছে এ ব্যাপারে জানতে চেয়েছি।’
প্রথম ধাপে ৮ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্লা (মোটরসাইকেল প্রতীক), সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা ওয়াছেল কবির গুলফাম (আনারস প্রতীক)। এই উপজেলায় নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আজ সোমবার রাত ১২টায়।