প্রবীণ সিপিবি নেতা হায়দার আকবর খান রনো এইচডিইউতে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো গুরুতর অসুস্থ। প্রবীণ এই বামপন্থী নেতা গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাজধানীর পান্থপথের একটি বেরসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হচ্ছে।

হায়দার আকবর খান রনোকে এইচডিইউতে রেখে অক্সিজেন দেওয়ার বিষয়টি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেলিন চৌধুরী লেখেন, ‘রাজনীতিবিদ ও লেখক হায়দার আকবর খান রনো তীব্র শ্বাসতন্ত্রীয় অসুখ (টাইপ-২ রেসপিরেটরি ফেইল্যুর) নিয়ে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বাড়ছে। তাঁকে এইচডিইউতে রেখে বিশেষ পদ্ধতিতে (Bipap- Biphasic positive Airway pressure) অক্সিজেন দেওয়া হচ্ছে। কিন্তু তাঁর অবস্থা এখনো অস্থিতিশীল।’

চিকিৎসার প্রয়োজনে স্বজন-শুভার্থীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ কেরছেন ডা. লেলিন চৌধুরী।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা হায়দার আকবর খান রনো একাধিক বইয়ের লেখক। মার্ক্সবাদী এই তাত্ত্বিক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

হায়দার আকবর খান রনোর জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায়। তাঁর পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে দীর্ঘদিন থাকলেও ২০১০ সালে মতভিন্নতার কারণে দলটি ছেড়ে হায়দার আকবর খান সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাঁকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা নির্বাচিত হন।