বেইলি রোডে আগুন: কাচ্চি ভাইর মালিক ২ দিনের রিমান্ডে

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহতের ঘটনায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ নির্দেশ দেন। 

গত মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমেগ্রেশন পুলিশ সোহেলকে আটক করে। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। 

বুধবার সিআইডি সোহেলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আসামির পক্ষে কাজী নজিবুল্যাহ হিরু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও রাজউকের তদন্ত প্রতিবেদন বলা হয়েছে, ভবনটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। ছিল না জরুরী নির্গমন পথ। ভবনের সরু সিঁড়িতেও রাখা হয়েছিল গ্যাসের সিলিন্ডার। ফলে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আর ভেতরে যারা আটকে পড়েছিলেন তারা সিঁড়িতে থাকা সরঞ্জামের কারণে বের হতে পারেন নি।

এ ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির রেস্টুরেন্ট কাচ্চি ভাই। ঘটনার পরপরই সোহেল সিরাজ মালয়েশিয়া চলে যান। 

অগ্নিকান্ডের এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করে। সিরাজকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।