জমি লিখে না দেওয়ায় মাকে মারধর, ছেলে গ্রেপ্তার

মানিকগঞ্জে জমি লিখে না দেওয়ায় মাকে মারধরের অভিযোগে উঠেছে ছেলের বিরুদ্ধে। পরে জহুরা খাতুন নামের ওই নারীর করা মামলায় ছেলে আনোয়ার সিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে তাকে। মঙ্গলবার রাতে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিম কান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত আনোয়ার শিকদার উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিম কান্দা এলাকার মৃত শামসুল হকের ছেলে।

মামলার এজাহার এবং স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গাইর উপজেলার চান্দইর ইউনিয়নে বৃদ্ধা জহুরা খাতুনের নামে বেশ কিছু জমি আছে। সেই জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাকে চাপ দিয়ে আসছিলেন গফুর শিকদার ও আনোয়ার শিকদার নামে দুই ভাই। কিন্তু তাদের আচরণ ভাল না হওয়ায় জমি লিখে না দেওয়ায় গত শুক্রবার বিকেলে মা জহুরা খাতুনকে মারধর করেন গফুর শিকদার ও আনোয়ার শিকদার। 

এসময় আরেক ছেলে কহিনুর শিকদার মাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও মারধর করেন তার দুই ভাই গফুর শিকদার ও আনোয়ার শিকদার। এরপর প্রতিবেশিরা এগিয়ে আসলে গফুর শিকদার ও আনোয়ার শিকদার তাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে চলে যায়। পরে ছোট ছেলে স্থানীয়দের সহযোগিতায় তার মাকে আহত অবস্থায় জহুরা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে এবং অভিযুক্ত দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মামলা করে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জহুরা খাতুন বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করার পর মঙ্গলবার দিবাগত রাতে আনোয়ার শিকদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।’

তিনি আরও বলেন, এই মামলায় অপর আসামি গফুর শিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।