কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যা, ২ দেবরসহ আটক ৩

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে অনুফা আক্তার (৪৮) এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার অভিযান চালিয়ে অভিযুক্ত দুই দেবরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

অনুফা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মো. খাইরুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

আটককৃতরা হলেন– জহিরুল ইসলাম ও দ্বীন ইসলাম। তারা সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে এবং নিহতের স্বামীর আপন ভাই।

ওসি জানান, প্রায় ২০ বছর ধরে খাইরুল ইসলামের সঙ্গে তাঁর ছোট দুই ভাই জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে খাইরুল ইসলামের চলাচলের রাস্তা বন্ধ করে দেন ছোট দুই ভাই। পরে, সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে খাইরুল ইসলামের পরিবারের সদস্যরা বন্ধ থাকা রাস্তা খুলে বাড়ি থেকে বের হন। এরপর ধারালো অস্ত্র দিয়ে অনুফা আক্তার ও তাঁর ছেলের ওপর হামলা চালান। এ সময় তাদেরকে কুপিয়ে জখম করে পালিয়ে যান তাঁরা।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অনুফা আক্তারের মৃত্যু হয়।

ওসি জানান, অনুফা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই দেবরসহ তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।