ফরিদপুরের চরকমলাপুরে শুক্রবার বিকেল ৪টার দিকে একটি রিকশার গ্যারেজঘরে বিস্ফোরণ হয়েছে। এতে শামীম হোসেন (১৮) নামে এক তরুণ আহত হয়েছেন।
বিস্ফোরণে শামীমের ডান চোখ, ডান হাতের দুটি আঙুল ও কনুইয়ের মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বিএসএমএমসি কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত শামীম হোসেন সালথা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের মঙ্গল মোল্যার ছেলে। তিনি শহরের চরকমলাপুর জোড়া ব্রিজ সংলগ্ন জনৈক মনির হোসেনের গ্যারেজের কর্মচারী।
রিকশা গ্যারেজটিতে বারুদের বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অন্য একটি সূত্র বোমা তৈরির সময় বিস্ফোরণে শামীম আহত হয় বলে জানায়। তবে পুলিশ বলছে বোমা তৈরির আলামত পাওয়া যায়নি, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত চলছে।
পুলিশের ভাষ্য, পাইপের মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু ঢোকানোর সময় এ বিস্ফোরণ ঘটে। সেখানে বোমা তৈরির কোনো আলামত পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ওই গ্যারেজের বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যায়। তারা শামীমকে আহতাবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘আসলেই কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। তাই বোমা তৈরি করা হচ্ছিল কিনা– সেটি নিশ্চিত নয়। তবে ওই যুবক সম্ভবত পাইপের মধ্যে বিস্ফোরকজাতীয় কিছু ঢুকাচ্ছিল। আমরা তেমন কিছু আলামত পেয়েছি। আহত শামীমকে জিজ্ঞাসাবাদের পরেই বিষয়টি সঠিকভাবে জানা যাবে।’