আ.লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলি লাগল কলেজছাত্রের পায়ে

সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছে আল আমিন নামে এক কলেজছাত্র।

গতকাল শুক্রবার রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। 

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শুক্রবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শওকত আলী। অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা অজ্ঞাত তিন ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তিনি বাজারের একটি দোকানে প্রবেশ করেন। এসময় শওকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় ওই অজ্ঞাত ব্যক্তিরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানে উপস্থিত কলেজছাত্র আল আমিনের পায়ে লাগে। 

আব্দুল বারিক আরও জানান, পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আল আমিনকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।