রাজধানীতে বন্দুক বিক্রয়ের দোকানে শাহিন (৩৫) নামে এক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে। আজ সোমবার শাহবাগ থানার আওতাধীন ট্রফি কানা টাওয়ারের দ্বিতীয় তলায় এফ আহম্মেদ নামে বন্দুকের দোকানে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা ছয়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার গুলিটি বের করে।
গুলিবিদ্ধ শাহিনের ভাই শাকিল বলেন, ‘আমার ভাই শাহবাগ থানার আওতাধীন এফ আহম্মেদ নামে একটি অস্ত্রের দোকানের কর্মচারী। আজ বিকেলের দিকে ওই দোকানে কর্মরত থাকা অবস্থায় হঠাৎ তার কোমরের উপরে ডান পাশে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার দেহ থেকে একটি গুলি বের করে।’
শাকিল আরও বলেন, ‘টু টু বোর পিস্তল লোড–আনলোডের সময় অসাবধানতাবশত হঠাৎ একটি গুলি বেরিয়ে যায় বলে জানতে পেরেছি। এর বেশি আর কিছু জানি না আমি।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘আমরা প্রথমে মনে করেছিলাম এটি পল্টন থানার ঘটনা। তাই আমরা বিষয়টি প্রথমে পল্টন থানাকে জানাই। পরে ঘটনাস্থলে পল্টন থানার ওসি এবং সহকারী পুলিশ কমিশনার আসেন। এরপর আমরা জানতে পারি এটির ঘটনাস্থল পল্টন থানা নয় শাহবাগ থানার আওতাধীন। পরে শাহবাগ থানা–পুলিশ আসে। বর্তমানে বিষয়টি শাহবাগ থানা তদন্ত করছে।’
বাচ্চু মিয়া আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এটি একটি অস্ত্রের দোকান। তবে কীভাবে তার শরীরে গুলিটি লেগেছে সে বিষয়টি স্পষ্টভাবে জানতে পারিনি।’