মানিকগঞ্জে বাবার সঙ্গে মাদকাসক্ত ছেলের খারাপ আচরণের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে জিন্নত আলী (৬০) নামে এক প্রতিবেশী বৃদ্ধকে। সিংগাইর উপজেলার বাঘুলী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাসখানেক আগে বাবুল মিয়া (৩০) নামের ওই বখাটে তার বাবা আজহার আলীর সঙ্গে অসদারণ করেন এবং মারধর করতে এগিয়ে যায়। তখন প্রতিবাদ করেন প্রতিবেশী জিন্নত আলী। ওই ঘটনার জেরে গত মঙ্গলবার রাতে জিন্নাতকে ছুরিকাঘাত করেন বাবুল। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন জিন্নতের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মাদকাসক্ত বাবুল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকসেবী ও বখাটে হিসেবে এলাকায় বাবুলের পরিচিতি রয়েছে। মাস খানেক আগে বাবুল টাকার জন্য তার বাবাকে মারধর করতে যায়। এ ঘটনার প্রতিবাদ করেন প্রতিবেশী জিন্নত আলী। এই ক্ষোভ থেকেই তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে।
নিহতের বড় ছেলে ইসমাইল হোসেন বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে দোকান থেকে মশার কয়েল নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা বাবুল বাবার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা বাবাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে বাবার মৃত্যু হয়।’
সিংগাইর থানার ওসি (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, ‘এ ঘটনায় নিহতের বড় ছেলে ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়েছে। আসামি ধরতে মাঠে নেমেছে পুলিশ।’