বরগুনার আমতলীতে বৌভাতে যাওয়ার পথে একটি আয়রন ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৯ জনের মধ্যে ৭ জনই এক পরিবারের সদস্য। জানা যায়, তারা সবাই মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবর রহমান সবুজের পরিবারের সদস্য।
শনিবার দুপুরে বরগুনা জেলার আমতলী এলাকার হলদিয়া-চাওড়া সীমান্তবর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় পরিবারের ৭ সদস্য হারান শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহা পাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবুর রহমান সবুজ। তিনি ওই এলাকার ফজলুর রহমান খানের ছেলে। এদিকে দুর্ঘটনার খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এলাকাবাসী এসে ভিড় জমায় সবুজের বাড়িতে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহর মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে গতকাল শুক্রবার আমতলী পৌর এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে সোহাগ মিয়ার বিয়ে হয়। আজ শনিবার দুপুরে বরের বাড়িতে বউভাত অনুষ্ঠান ছিল। আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় মাহাবুব ও তার পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি একটি লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।
নিহতদের আত্মীয় শুক্কুর আলী বলেন, ‘বুধবার বিয়ের অনুষ্ঠানে তারা বরগুনা গেছিল। আজ দুপুরে ব্রীজ ভেঙে সেখানে খালে পড়ে যায় তাদের মাইক্রোবাসটি। মাহাবুবের মা, ভাইয়ের স্ত্রী ও মামার পরিবারের মোট ৭ সদস্যদের মৃত্যু হয়েছে।’
ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বেপারী বলেন, ‘আমরা খবর পেয়েই বাড়িতে এসেছি। আসলে এতো বড় দূর্ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। এখন তাদের মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে বলে খবর পেয়েছি।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আমি বিষয়টি জেনেছি। খুবই মর্মান্তিক ঘটনা।’
শিবচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা বলেন, ‘লাশ নিয়ে রাতেই রওনা হয়েছে। রোববার সকালে লাশ দাফন করা হবে।’