মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, শাহবাগ ক্রসিং, কাঁটাবন ক্রসিং, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস ভবন ক্রসিংয়ে যানবাহন চলাচল সীমিত রাখবে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-রমনা বিভাগ।
এক বিজ্ঞপ্তিতে ডিএমপি এসব এলাকা পরিহার করে চলাচল করার জন্য রাজধানীবাসীকে অনুরোধ জানিয়েছে।
রমনা-ট্রাফিক বিভাগের নির্দেশনায় সমাবেশে আগত গাড়িসমূহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, মুহসীন হল মাঠ ও ফুলার রোডে পার্কিং করার জন্য বলা হয়েছে।