সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৭ জনের দাফন সম্পন্ন

বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস পানিতে ডুবে মারা যাওয়া সাতজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ রোববার সকাল ৯টার দিকে সাতজনের জানাজা সম্পন্ন হয়। পরে সবাইকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন গ্রামের শত শত মানুষ।

গতকাল শনিবার বরগুনার আমতলীতে খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে মারা যান ৯ জন। এর মধ্যে পরিবারের ৭ সদস্য হারান শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবুর রহমান সবুজ। সবুজ এই এলাকার ফজলুর রহমান খানের ছেলে।

নিহতেরা হলেন মাহাবুবের ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), শাশুড়ি রুমি বেগম (৪০), মাহাবুবের মা ফরিদা বেগম (৪০), মামী মুন্নি বেগম (৪০), তার সন্তান তাহিয়া (৭), তাসদিয়া (১১), আরেক মামী ফাতেমা বেগম (৪০)। এ ছাড়া আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া এবং কন্যা রিদিও (৫) এই ঘটনায় মারা যান।

নিহতদের আত্মীয় শুক্কুর আলী জানান, বুধবার বিয়ের অনুষ্ঠানে তারা বরগুনা গিয়েছিল। পরে সেতু ভেঙে খালে পড়ে যায় মাইক্রোবাসটি। এই ঘটনায় মাহাবুবের মা, ভাইয়ের স্ত্রী ও মামার পরিবারের মোট ৭ সদস্য মারা যান।