রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

ছুটির দিনে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতের বনরূপা প্রজেক্টে এ ঘটনা ঘটে। শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ ঘটনায় মূলহোতা সুমনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

খিলক্ষেত থানা পুলিশ জানায়, ভিকটিম একজন অঙ্গীভূত আনসার সদস্য ছিলেন। তিনি ও তাঁর স্বামী ঘুরতে গেলে রাত সাড়ে ৯টার দিকে বনরূপা এলাকায় সুমন নামের এক ব্যক্তি ও অজ্ঞাতনামা ৬ জন তাঁদের জোরপূর্বক ধরে ঝোপঝাড়ের মধ্যে নিয়ে মারধর করে। সেইসঙ্গে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে তারা ভিকটিমের স্বামীকে মুক্তিপণের টাকা আনার জন্য ছেড়ে দেয়। নববধূকে পালাক্রমে ধর্ষণ করে চারজন।

পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি ক্যান্টনমেন্ট জোন) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘‘ভিকটিমের স্বামী ‘৯৯৯’-এ কল দিলে খিলক্ষেত থানা টহল পুলিশ সেই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ভিকটিমকে রেখে পালিয়ে যায়।’