টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও এক নারী নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই শিল্প এলাকার মিলগেটের সামনে আজ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হাসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।
পুলিশ জানান, নীলফামারী থেকে ঢাকার দিকে ছেড়ে আসা ‘অনিতা পরিবহন’ নামের একটি বাস বুধবার সকালে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকার কাছে পৌঁছায়। এ সময় সেখানে বিদ্যুতের খুঁটির কাছে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি ভেতর ঢুকে ওই দুজন নিহত হন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান। এসআই জানান, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।