কিশোরগঞ্জের হাওরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আবীর হোসেন (২০) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অল ওয়েদার সড়কের মিঠামইন জিরোপয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক আবীর হোসেন ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর মুগদাপাড়া এলাকার আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুজর গিফারী বলেন, ‘আজ সকালে যুবক আবীর হোসেন তাঁর মা আঁখি আক্তারসহ পরিবার নিয়ে কিশোরগঞ্জের হাওরাঞ্চল ঘুরতে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরে গোসল করতে নামে তাঁরা। পরে, অন্যরা পাড়ে উঠতে পারলেও স্রোতের টানে পানিতে নিখোঁজ হন আবীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যহত থাকবে।’