মুন্সিগঞ্জে সড়ক মেরামতের রোলারের ধাক্কায় সাইকেল আরোহী এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
হাতিমাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নিরু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নিহত ওই পল্লী চিকিৎসকের নাম মিজানুর রহমান (৫৫)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলা রামপাল ইউনিয়নের সুখ বাসপুর এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর পৌনে দুইটার দিকে আধারিয়া তলা এলাকা থেকে ফার্মেসি বন্ধ করে মিজানুর বাড়িতে যাচ্ছিলেন। এসময় সিপাহীপাড়া মোড়ে পৌঁছালে সেখানে সড়ক মেরামতের কাজে নিয়োজিত রোলার কোস্টারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রামপাল ইউনিয়ন পরিষদে খবর দিলে সেখান থেকে দুইজন গ্রাম পুলিশ এসে তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হাসান সাকিব বলেন, ‘আরপি লিমিটেড নামে ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তা মেরামতের জন্য রোলারটি ব্যবহার করছিলেন। সড়ক ও জনপদ (সওজ) বিভাগ রোলারটি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন না।’
হাতিমাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নিরু মিয়া বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বুলডোজারটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।’