যাত্রাবাড়ীতে ব্যাপক সংঘর্ষ, হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেয়। 

দফায় দফায় এ সংঘর্ষে দুই বছরের এক শিশুসহ অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। 

দুপুরে হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার কাছে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। এতে ৬ জন গুলিবিদ্ধ হয়।   

এরা হলেন, দনিয়ার বাসিন্দা বাবু মিয়া (৫০) ও তার দুই বছরের শিশু রোহিত মিয়া এবং শনির আখড়া থেকে পথচারী পিয়াস (১৭), মনিরুল (২০), সোহাগ (২৭) ও ফয়সাল (১৮)। 

এদের মধ্যে ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গুলিবিদ্ধ শিশু রোহিত মিয়ার মা লিপি আক্তার বলেন, ‘আমি আমার স্বামী বাবু মিয়া ও দুই বছরের সন্তান নিয়ে পাঁচতলা ভবনের নিচে ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ ছররা গুলি এসে আমার স্বামী ও সন্তান রোহিত মিয়ার শরীরে লাগে।’ 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এরপর সন্ধ্যার পর আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।