রাজধানীর রামপুরার প্রধান সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরতরা পুলিশ বক্সে আগুন দিয়েছে। তাঁদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।
আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বেলা ১১টার কিছু সময় পর পুলিশ বক্সটিতে আগুন দেওয়া হয়।
প্রতিবেদক জানান, বেলা ১১টার পর থেকে বনশ্রীর সড়ক ও বাংলাদেশ টেলিভিশনের পাশে গলি দিয়ে বের হয়ে শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নেয়। তখন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে আগুন জলতে থাকলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল বুধবার রাতে কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে আজও সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাদ্য পণ্য বহনকারী যানবাহন এই শাটডাউনের আওতার বাইরে থাকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন আনসার সদস্য।