ঢামেকে গুলিবিদ্ধ আরও ৭ পুলিশ, ১ আনসার সদস্যের মরদেহ

সাম্প্রতিক সময়ে সহিংসতায় রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় সাত পুলিশ সদস্যসহ এক আনসার সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল বুধবার (৭ আগষ্ট) সকাল থেকে রাত ১১টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদের আট জনকে 
ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহতরা হলেন পুলিশ সদস্য আব্দুল মজিদ (৪৫), এস আই সুজন চন্দ্র দে (৪১)‌, এ এসআই ফিরোজ হোসেন (৪৮), পুলিশ সদস্য আবু হাসনাথ রনি (২৪), এস আই খগেন্দ্র চন্দ্র সরকার (৪৯), কনস্টেবল শাহিদুল আলম (৪৮), কনস্টেবল রেজাউল করিম (৪৮), আনসার সদস্য আবু জাফর (৪৬)।

এসব তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বুধবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাত পুলিশ সদস্যসহ এক আনসার সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।