ঢামেক থেকে ১১ পুলিশ-আনসার সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

সাম্প্রতিক সময়ে ঘটা সহিংসতায় রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে নিহত ১১ পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের কাছে হস্তান্তরকৃত মরদেহ গুলো হলো- কনস্টেবল শাহিদুল আলম (৪৮), আব্দুল আলিম (৪৬), রেজাউল করিম (৪৮), কনস্টেবল মাহফুজুর রহমান (২৪), আবু হাসনাথ রনি (২৪) ও রাজু আহমেদ (৩৫); এএসআই ফিরোজ হোসেন (৪৮) ও সঞ্জয় কুমার দাস (৩০), এসআই সুজন চন্দ্র দে (৪১) ও খগেন্দ্র চন্দ্র সরকার (৪৯) এবং আনসার সদস্য আবু জাফর (৪৬)।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল কলেজের মর্গ সহকারী জানান, গতকাল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে শাহবাগ থানা-পুলিশ। পরে তাঁদের মধ্যে নিহত ১১ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।