ঢাকা মেডিকেলে এখনও চিকিৎসাধীন হাসনাত আব্দুল্লাহ

রাজধানীর সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ সোমবার সকালে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) থেকে অবজারবেশন কেবিনে নেওয়া হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, হাসনাতের বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। 

সচিবালয়ে সংঘর্ষের পর আহত শিক্ষার্থীদের মধ্যে আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের শিক্ষার্থী আব্দুল কাদের (২৪), সূর্যসেন হলে জিম আহমেদ (২৪), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান (৩০), সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী তৌফিক শাহরিয়ার ও তানভীর নামের আরেক শিক্ষার্থী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসনাত সচিবালয়ে অবরুদ্ধ থাকায় অসুস্থ হয়ে যান। পরে ঢামেক হাসপাতালে তাঁর সিটি স্ক্যানিং করা হয়। সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রোববার রাত সাড়ে ৯টার পরে সচিবালয়ের সামনে ছাত্র-জনতা ও আনসার সদস্যদের সংঘর্ষে এই পর্যন্ত ৭০ জনের বেশি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি।

এর আগে চাকরি স্থায়ীকরণসহ নানা দাবিতে রোববার দুপুর থেকে সচিবালয় অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। এ সময় সেখানে আটকা পড়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। অবরুদ্ধ সমন্বয়কদের ছাড়াতে গেলে ছাত্র-জনতার সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়।