হাফেজ হত্যা মামলায় হাসিনার সঙ্গে আসামি হলেন আব্দুর রাজ্জাকসহ ৫৬ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ৫৬ জনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে হাবিবুল্লাহ বাহারের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী মামলাটি করেন। 

এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা ৯ নং সেক্টরে আধুনিক মেডিক্যালে পাশে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি ছোঁড়ে। এতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।