কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মসজিদ ভাঙচুর ও একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আহলে সুন্নাহ জামাতের ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় ছয়সূতি মসজিদের খতিব মো. হানিফ মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান।
গতকাল কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে ইমাম উলামা পরিষদ ও আহলে সুন্নাহ সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন। এসময় মসজিদ ও মাজার ভাঙচুর করে দুপক্ষের লোকজন।
এ ঘটনায় নিহত ব্যক্তির মীর মোহাম্মদ মিলন। তিনি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী পূর্বপাড়া গ্রামের জমির উদ্দিন জাবু মিয়ার ছেলে।