গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় কাজ চলছে। শান্তিপূর্ণভাবে আজ মঙ্গলবার সকাল থেকে দলে দলে কারখানায যোগ দিয়েছেন শ্রমিকেরা। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।
শিল্প মালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ চলছে গাজীপুরে। গতকাল বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় অশান্ত হয়ে পড়ে গাজীপুর শিল্পাঞ্চল। ছুটি ঘোষণা করা হয় ১৩টি কারখানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মঙ্গলবার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশির ভাগ কারখানা খোলা রয়েছে। শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। কারখানা নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এ ছাড়া বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এদিকে কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগে যৌথ অভিযানে গত দুই দিনে ২৪ জনকে আটক করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরে অধিকাংশ কারখানা খোলা রয়েছে। এখনও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। কারখানা নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, মহানগর পুলিশ কাজ করছে। বিজিবি ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে।